
এম, মাসুদ রানা সুমন
সহনে স্বপনে, জাগরণে কিংবা ঘুমে,
আমি গেয়ে যাই সাম্যের গান এই ধরণীর চুমে।
বাহ্যিক তনু হয়তো আমার কিছুটা শ্রান্ত-ক্ষীণ,
মানসিকভাবে আমি তো অজেয়, ঝোড়ো হাওয়া অমলিন।
আমি লড়াকু, আমি নির্ভীক, আমি জীবনের সৈনিক,
সংগ্রামে কাটে বেলা আমার—কঠোর ও প্রাত্যহিক।
আমি নম্র, আমি বিনয়ী, হৃদয়ে নেই নিষ্ঠুরতা,
রেশমি কোমল পরশ আমার, নেই কংক্রিটের জড়তা।
আমি চিরকাল ছাত্র তাদের, যারা আমায় শেখাতে চায়,
আবার শিক্ষক হয়েছি আমি যারা জ্ঞানের আলোটি পায়।
অন্যায়ের বিপরীতে দাঁড়িয়ে আমি এক অদম্য প্রতিবাদী,
যাদের সাহস আমায় জাগায়, তাদের তরেই আমি অপরাধী।
এক পা আমার অচল আজ, শরীরে পঙ্গুত্ব—
তবুও রুখতে জানি আমি অন্যায়ের রাজত্ব।
গরম বয়লারের আঁচে ঘাম ঝরে দিনরাত,
গার্মেন্টস-টেক্সটাইল চত্বরে কাটে জীবনের কষাঘাত।
পারিবারিক দায় মেটাতে আমি এক সাধারণ শ্রমিক,
তবুও মানবতার সেবায় আমি অবিরত পথিক।
‘মুক্তি সমাচার’, ‘ডিএমএস টিভি’ আর ‘ইনসানিয়াত’—
তাদেরই সাহসে বুনি আমি স্বপ্নের নতুন প্রভাত।
আমি নির্ভীক, আমি সাহসী, অপেক্ষার প্রহর গুনি,
সততার পথে অবিচল থেকে মুক্তির গান শুনি।
কেউ ভাবে আমায় স্বার্থপর, কেউ বলে আমায় বোকা,
কেউ বা আবার সুযোগ বুঝে দিয়েছে আমায় ধোঁকা।
আমার এক পা অচল তো কী? সাথে আছে হাজারো প্রাণ,
যৌথ শক্তিতেই একদিন আসবে মুক্তির জয়গান।
আমি প্রতিবাদী, আমি যোদ্ধা, আমি ন্যায়ের রণাঙ্গনে—
মানবতার তরে বিলিয়ে দেবো নিজেকে প্রতিক্ষণে।
আমি পরিবারের অন্ন জোগাই শ্রমের ঘাম ফেলে,
তবুও চলি ইনসানিয়াতের মশালটি বুকে জ্বেলে।
আমি আছি তোমাদের সাথে, রেখো আমায় আপন করে,
বিজয় আমাদের হবেই নিশ্চিত—গড়বো নতুন ভোরে।