
হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-০১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান এমপি। তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের উন্নয়নে তার ত্যাগী ভূমিকার কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সাপাহার উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো: আব্দুন নূর।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী লাবু-র সঞ্চালনায় ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ইফতার মাহফিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।