
আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী চর আজমল এলাকায় চারটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় মিথ্যা সংবাদ প্রচার ও মানহানিকর মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ গ্রামে মিথ্যা সংবাদ প্রচার ও মানহানিকর মামলার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজপতি মো. নিজাম উদ্দিন, আলা উদ্দিন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য মো. ইলিয়াস, মো. আজাদ, জোসনা বেগম, ইয়াসমিন আক্তার ও সাবানা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, চর আজমল গ্রামের সরকারি নথিভুক্ত একটি জমির সীমানা দিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে স্থানীয় আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো. ইলিয়াসসহ চারটি পরিবারের সদস্যরা চলাচল করে আসছেন। তবে রাস্তাটি দীর্ঘদিন অনুপযোগী থাকায় তাদের নানা ভোগান্তি পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে ছোট ছোট শিশুদের বুকসমান পানি পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। এমনকি গত বর্ষায় এক গর্ভবতী নারীকে নিয়ে পরিবারটি চরম বিপাকে পড়েছেন।
তাদের অভিযোগ, সরকারি বন্দোবস্তের এই জমি ৯৯ বছর পূর্ণ হওয়ার আগে বিক্রির সুযোগ না থাকলেও স্থানীয় আবুল খায়ের কয়েক বছর আগে অনিয়মের মাধ্যমে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে ওই জমির উত্তর পাশের সীমানা দিয়ে তাদের চলাচলে বাধা দেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানের জন্য তারা জমিটি দ্বিগুণ দামে ক্রয় অথবা দ্বিগুণ জমির বিনিময়ের প্রস্তাব দেন। কিন্তু আবুল খায়ের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চলাচলে বাধা দেন। পরে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চাওয়া হলেও তাতেও কোনো সমাধান হয়নি। এমনকি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত পক্ষ সেখানে হাজির হয়নি।
ভুক্তভোগীদের দাবি, পরে স্থানীয়দের পরামর্শে তারা মাটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করলে আবুল খায়ের ও তার ছেলেরা হামলা-মামলার হুমকি দেন। পাশাপাশি তাদের পরিবারের নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে আবুল খায়েরের মেয়েকে দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে সংবাদ প্রচার করিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার এবং চার পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে তারা গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।