
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীকে ২৫ হাজার ৪৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।বেসরকারি ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫১৩ ভোট।অন্যদিকে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মণ্ডল (কাস্তে) পেয়েছেন ১ হাজার ৫০২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসাদুল ফকির (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৯২৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা-৬ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৫টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ২৭ হাজার ৪১৮টি এবং বাতিল ভোট ছিল ১৬ হাজার ১৯৫টি।
উপকূলীয় এই গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।শেষ পর্যন্ত ভোটারদের রায়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বিজয়ী হন।