সাগর বাদশা
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া (মুন্সিগঞ্জ) মুন্সিগঞ্জের গজারিয়ায় আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ১৩টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে একটি চক্রের অপতৎপরতা নস্যাৎ করে দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়াগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনারপুরা এলাকার ওই পরিত্যক্ত ঘরটিতে দীর্ঘ দিন ধরে একটি অসাধু চক্র অসুস্থ ও জরাজীর্ণ ঘোড়া নিয়ে আসত। সেখানে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেল ও বাজারে গরুর মাংস হিসেবে সরবরাহ করে আসছিল তারা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে একইভাবে বিপুল সংখ্যক ঘোড়া জবাই করার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। জনতা এগিয়ে আসলে অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহামুদুল হাসান জানান, "আনারপুরায় ঘোড়া জবাইয়ের বিষয়টি আমি স্থানীয় জনগণ এবং সংবাদকর্মীদের মাধ্যমে অবহিত হয়েছি। মূলত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বাংলাদেশে খাদ্য হিসেবে ঘোড়া জবাই করার কোনো বিধান বা সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "যেহেতু ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচার করা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থলে আছে এবং তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"