এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে জরুরী মজুদের নির্ধারিত পরিমাণের অতিরিক্ত তেল মজুদ এবং মাপে কম দেবার অভিযোগে জ্বালানি তেলের দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৫ এপ্রিল) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ জরিমানা করেন।
বিরামপুর উপজেলার দিওড় এলাকায় অবস্থিত মেসার্স আলহাজ্ব মমতাজ ফিলিং স্টেশনে জরুরী প্রয়োজনে নির্ধারিত মজুদের অতিরিক্ত মজুদ রেখে ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি না করায় ২০ হাজার টাকা এবং বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনে নির্ধারিত মাপের থেকে কিছুটা তেল কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে এরূপ কর্মকান্ড না করার জন্য সতর্ক করা হয়েছে।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান,বিরামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ও সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি এবং তেল যাতে কোনভাবে পাচার ও খোলা বাজারে বিক্রি না হয়,সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যহত রয়েছে।