কলারোয়া ব্যুরো
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট তরুণ সমাজসেবক মোঃ আসাদুল ইসলাম আসাদ এর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মো. কামারুজ্জামান, সুপারেনটেনডেন্ট নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ আসাদুল ইসলাম আসাদ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা গেলে তারা আরও ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ হবে। শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবক আসাদুল ইসলাম আসাদ এর এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্বে না থেকেও শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে আসা সত্যিই একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধিত শিক্ষার্থীরা হলো—জি.এম. নাবিল, শাহারা তাসনিম, ঋতু এবং মো. ইসমাইল হোসেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।