
কলারোয়া ব্যুরো
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে আর্তমানবতার সেবায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে জয়নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত এই ক্যাম্পে এলাকার প্রায় ২৫০ জন রোগীকে চোখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
জয়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওসমান গনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম দপ্তুরি, ২নং ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ইউনিয়ন শিবিরের সেক্রেটারি মো. ইসারুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, “মানুষের সেবায় নিবেদিত থাকাই ইসলামের শিক্ষা। সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপস্থিত সুধীবৃন্দ জামায়াতে ইসলামীর এমন জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।