মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ দিদারুল আলম পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা দিদারুল আলমের দাবি, তার মাতা মৃত জাহেরা খাতুন আদালতের রায়ের মাধ্যমে একটি সম্পত্তির মালিকানা লাভ করেন এবং পরবর্তীতে সেটি বৈধভাবে তার নামে হেবা (দান) করেন। পরবর্তীতে তিনি নিয়ম অনুযায়ী নামজারিও সম্পন্ন করেন।
তবে অভিযোগে উল্লেখ করা হয়, সাবিনা আক্তার ও তার পিতা নাসির উদ্দিন নাসু দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা বিভিন্ন সময় দিদারুল আলম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়।
দিদারুল আলমের অভিযোগ, সাবিনা আক্তার তার চাকরির প্রভাব ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং নাসির উদ্দিন নাসু ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তিনি আরও দাবি করেন, বিবাদীরা তার মায়ের অন্যান্য সম্পত্তিও দখলের পাঁয়তারা করছে।
এ ঘটনায় দিদারুল আলম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।