
নিজস্ব প্রতিবেদক:
“সেবাই পরম ধর্ম”—এই মূলমন্ত্রকে ধারণ করে টানা তিন বছর ধরে মানবসেবায় নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবাই ধর্ম ফাউন্ডেশন’। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও সংগঠনটি প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে স্থানীয় পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্যাকেজে ছিল চাল, ডাল, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং সঠিক পথে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘সেবাই ধর্ম ফাউন্ডেশন’।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আসাদুল হক বলেন,
“গত তিন বছর ধরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছি। তরুণ সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসাই আমাদের অন্যতম লক্ষ্য। এবারের ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফল করতে দেশ-বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা, শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।