
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্রমবর্ধমান মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা অবিলম্বে মাদক ব্যবসা ও সেবন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এতে করে যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক সরবরাহ ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করছেন তারা।
সচেতন নাগরিকরা বলেন,মাদক শুধু একটি ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি,সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী বলেন, নিয়মিত অভিযান,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে বিরামপুরকে মাদকমুক্ত করা সম্ভব।
সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও কঠোর নজরদারির মাধ্যমে খুব শিগগিরই বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।