এমডি রেজওয়ান আলী বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রোববার (৮ মার্চ) বিকেল ৩টায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল—“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”র্যালিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,নারী নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা-র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুলতানা পারভীন,বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডল,বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মনিক এবং বেসরকারি সংস্থা ল্যাম্ব-এর ফিল্ড কো-অর্ডিনেটর চন্দনা মিনজ প্রমুখ।
বক্তারা বলেন,একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি নারী ও কন্যা শিশুর নিরাপত্তা,শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।