নিজস্ব প্রতিবেদক, কলারোয়া (সাতক্ষীরা) সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, "শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।"
শুক্রবার (৬ মার্চ) বিকেলে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ আরও বলেন, "ইসলাম শ্রমিকের মর্যাদা ও অধিকারের বিষয়ে অত্যন্ত সোচ্চার। রাসুলুল্লাহ (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন। দেশের শিল্প, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।"
মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, "রমজান আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে বিত্তবানদের উচিত শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শ্রমিকদের জীবনমান উন্নত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. আনোয়ারুল ইসলাম, মাস্টার আনোয়ার আলী, অধ্যাপক মতিউর রহমান, কারী রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত ইলেকট্রিশিয়ান শ্রমিক, ভ্যান শ্রমিক, দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।