
আশরাফুজ্জামান সরকার, পলাশাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করেন।
সোমবার ২৩শে ফেব্রুয়ারী পৌর এলাকার বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নাগরিক প্রত্যাশা তুলে ধরেন।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিগত ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “পৌরসভাকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে আমার লক্ষ্য। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে চাই।” নির্বাচিত হলে তিনি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পৌর সেবায় ডিজিটাল পদ্ধতি চালু, সড়ক ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগকে অগ্রাধিকার দেয়ার কথা জানান।
শিক্ষাজীবনে তিনি ১৯৯৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার বড় ভাই জিয়াউল হক জুয়েল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। ১৯৯২,১৯৯৩ ও ১৯৯৪ সালে বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির ক্রীড়া সম্পাদক হিসেবে যুক্ত আছেন।
রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামী হয়ে কয়েকবার কারাবরণ করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। তার দাবি, এসব মামলা রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছিল।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সম্ভাব্য নির্বাচনী রূপরেখা,নাগরিক সেবা ব্যবস্থার সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে রুবেল বলেন, “নাগরিকদের প্রত্যাশাই হবে আমার কর্মপরিকল্পনার ভিত্তি।”
পৌর এলাকার কয়েকজন ব্যবসায়ী, শিক্ষক ও তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিয়মিত মাঠে সক্রিয়, জবাবদিহিমূলক ও কর্মমুখী নেতৃত্ব প্রত্যাশা করেন। অনেকের মতে, তরুণ নেতৃত্ব পৌর প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনতে সক্ষম।
সব মিলিয়ে, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ফরিদুল হক রুবেলের সম্ভাব্য প্রার্থীতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন পৌরবাসী।
শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম রাজা।