ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :সরাসরি ঢাকা থেকে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ নার্সিং ভর্তি কোচিং প্রতিষ্ঠান নিউরন পাবলিকেশন-এর অধীনে পরিচালিত নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে নার্সিং ভর্তিচ্ছুক ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঠাকুরগাঁওয়ের হ্যাড্ স মোড়ে অবস্থিত কোচিং কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ বেলাল হোসেন এবং নার্সিং ইনস্টিটিউট, ঠাকুরগাঁও-এর নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সাবেরা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার পরিচালক ডাঃ এম এ সাঈদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নার্সিং একটি মহৎ ও মানবসেবামূলক পেশা। কঠোর পরিশ্রম, ধৈর্য ও সঠিক দিকনির্দেশনা থাকলে শিক্ষার্থীরা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নার্সিং পেশাকে দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র মালাকার, সম্মানিত শিক্ষক হায়দার স্যার, প্রকাশ স্যার, দেলোয়ারা ম্যাডাম ও নুরী ম্যাডাম নার্সিং ইন্সট্রাক্টর ঠাকুরগাঁও। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিগণ ।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের ধারাবাহিকতায় পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত ও অনুপ্রাণিত করতে এই বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।