মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিতা-মাতা ও স্বজনদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার উত্তর সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সন্তোষপুর গ্রামের বাসিন্দা মোঃ ভুট্টু মিয়া (৫৬) তার ছেলে বুরহান উদ্দিন (৩০) ও পুত্রবধূ শারমিন আক্তারের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে তার ছেলে ও পুত্রবধূ একই বাড়িতে আলাদা বসবাস করলেও পরিবারের কোনো ভরণপোষণ বা দায়িত্ব পালন করেন না।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত বুরহান উদ্দিন নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলায় আসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করেন। ঘটনার দিন তিনি বাবার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ মিলে ভুট্টু মিয়াকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরও কয়েকজন স্বজনকেও লাঠিপেটা করা হয়। হামলায় অন্তত তিনজন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া অভিযুক্তরা ঘরের টিনের বেড়া, সিম গাছ ও একটি টমটম গাড়ি ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।