কলারোয়া ব্যুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় এবং সভাপতি মোশতাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যের শুরুতেই অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “হাবিবুল ইসলাম হাবিব ও আমি দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জুনিয়র-সিনিয়র হলেও একই হল ও একই বিভাগে পড়াশোনা করেছি। বহুদিনের ঘনিষ্ঠতার কারণে তার অসুস্থতার খবরে আগে ইবনে সিনা এবং পরে ইউনাইটেড হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি।” তিনি এ সময় সাংবাদিকদের কাছে তার জন্য দোয়া কামনা করেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ জনপদকে একটি শান্তির জনপদে রূপান্তর করা। আমি কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। আমার প্রতিপক্ষ হলো সমাজের সেই অপশক্তি, যারা মানুষের ওপর জুলুম-নির্যাতন চালায়।”
তিনি আরও বলেন, “দেশসেবার উদ্দেশ্যে যারা রাজনীতি করেন তাদের প্রতি আমার সম্মান ও স্যালুট। কিন্তু রাজনীতির নামে যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তারাই আমার প্রকৃত প্রতিপক্ষ। এসব অপশক্তির সঙ্গে কোনো আপোষ হবে না এবং কোনো অত্যাচারীর অত্যাচারের সুযোগ দেওয়া হবে না।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব আপনাদের কলমে। আমার কোনো ভুল বা অসংগতি থাকলেও তা নিরপেক্ষভাবে তুলে ধরবেন। সাদা কে সাদা, কালো কে কালো বলবেন এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের কোনো স্থান থাকবে না। তালা-কলারোয়া আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করলে জনগণের চাহিদা ও পরামর্শ অনুযায়ী কাজ করব। জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
মতবিনিময় সভায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুর রহমান লালটু, সহসভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, দপ্তর সম্পাদক তাজ উদ্দিন আহমেদ রিপন, নির্বাহী সদস্য রেজওয়ান উল্লাহ, মর্তুজা হাসান মুন্নাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং কারো পক্ষে না গিয়ে সত্য ঘটনাই যেন গণমাধ্যমে তুলে ধরা হয়, সে আহ্বান জানান।
আরো ১টি নিউজ
সাতক্ষীরা-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের নির্বাচনী জনসভা
কলারোয়া ব্যুরো।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সন্ধ্যার পরে সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব জনসভা অনুষ্ঠিত হয়।
বিকেলে অনুষ্ঠিত জনসভায় দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর মো. নুরুল হুদা, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী। এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজ, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সন্ধ্যায় সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অপর এক জনসভায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম কবিরের সভাপতিত্বে ও মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাগুলোতে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।