কলারোয়া ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবির যৌথ অংশগ্রহণে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে এইচ এম শাহীন (ওসি) বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি রয়েছে।যৌথ মহড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা বাড়ছে। এতে ভোটারদের আগ্রহ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত এই মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে।