
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা-২ (সদর)আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ও বর্তমান সাতক্ষীরা-২ (সাতক্ষীরা-সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আশরাফুজ্জামান আশুর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটি হ্যাক হয়েছে। হ্যাকাররা তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে তার ফেসবুক আইডির ম্যাসেঞ্জার খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আশরাফুজ্জামান আশু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তাঁর শুভাকাক্সক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ ভোটারদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারণার ফাঁদে না পাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আশরাফুজ্জামান আশু এ প্রতিনিধিকে জানান আমার নম্বরটি ২ ঘন্টা হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।
হ্যাকাররা তার পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনের কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা চাইছে। বিষয়টি আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার প্রক্রিয়া চালাচ্ছি।
তিনি আরও বলেন, কেউ যদি তাঁর নম্বর থেকে টাকা বা অন্য কোনো অনৈতিক দাবি করে, তবে তাতে সাড়া না দিয়ে সরাসরি তাঁর সঙ্গে অন্য মাধ্যমে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর অনুসারীরা এই হ্যাকিংয়ের বিষয়ে সতর্কবার্তা প্রচার করছেন।
জাতীয় পার্টির এই নেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হ্যাকিংয়ের এই ঘটনাটি নির্বাচনকালীন সময়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো চক্রান্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত নম্বরটি উদ্ধারে প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য: সাতক্ষীরা সদরের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর হ্যাককৃত ফেসবুক আইডি থেকে এ প্রতিনিধির কাছে ও জরুরি দরকারের কথা বলে দশ হাজার টাকা দাবি করে।
পরে এ প্রতিনিধি আশরাফুজ্জামান আশু ও তার ছেলে সাবেক পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল কে অবহিত করলে কায়সারুজ্জামান হিমেল জানান আব্বার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, আমি থানায় যাচ্ছি জিডি করতে।