
ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আত্মত্যাগ, নেতৃত্ব ও দেশপ্রেম জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে—এমন মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস.এম. মনিরুল হাসান বাপ্পী।
রবিবার (৪ তারিখ) বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজারে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এস.এম. মনিরুল হাসান বাপ্পী বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, সাহসিকতা ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি এবং একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস), সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক, শহিদুল ইসলাম গাজী, আবুল বাসার বাচ্চু, মফিজুল ইসলাম টাকু, নাজির সরদার, নজরুল ইসলাম সরদার, মিজান গাজী, ওবাদুল সরদার, সাহেব আলী গাজী, হামিদ গাইনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ এবং তাঁর পরিবারসহ শোকসন্তপ্ত দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, দোয়া মাহফিলের পূর্বে সকালে এস.এম. মনিরুল হাসান বাপ্পী পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।